তিতাস গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন কৈলাসটিলা ৭ নং পরিত্যক্ত কূপ থেকে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। গতকাল রাত ৮টা ৪৫ মিনিট থেকে এ গ্যাস সরবরাহ শুরু হয়। বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা সফলভাবে ওয়ার্কওভারের মাধ্যমে পরিত্যক্ত কূপটি পুনরায় উৎপাদনে ফিরল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ফেসবুকে লেখেন, ঈদের আগে গ্যাস নিয়ে সুসংবাদ দিয়েছিলাম আপনাদের। জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস যুক্ত হওয়ার কথা ছিল এ মাসের ১০ তারিখে। আমরা সময়ের আগেই দ্রুত কাজ শেষ করেছি। আজ (গতকাল) রাত ৮টা ৪৫ মিনিটে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা ৭ নং কূপ বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা সফলভাবে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ১৯ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

নসরুল হামিদ আরো লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথে জাতীয় জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার, বিদ্যমান গ্যাসকূপগুলোয় ডিপ ড্রিলিংয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে গ্যাস নিয়ে আরো সুখবর দিতে পারব বলে আশা করি।

এর আগে ২ মে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, কৈলাসটিলার ৭ নং কূপ থেকে দৈনিক ১ কোটি ৭০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। কৈলাসটিলা ৭ নং কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৭০ থেকে ৯০ লাখ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে। আলোচ্য কূপের বর্তমান জোন থেকে বেশ কয়েক বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

প্রসঙ্গত, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত সাতটি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে দুটি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এখন নতুন করে যোগ হলো আরো ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)