অর্থবছরের ১০ মাস
ভোমরা স্থলবন্দরে ২৮৮ কোটি টাকার রাজস্ব ঘাটতি
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২১-২২ অর্থবছরে ১০ মাসে লক্ষ্যমাত্রার বিপরীতে অন্তত ৩০ শতাংশ রাজস্ব ঘাটতিতে পড়েছে ভোমরা স্থলবন্দর। টাকার অংকে যার পরিমান ২৮৮ কোটি ২৯ লাখ টাকা।
ভোমরা শুল্ক স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাস জুলাই ২১-এপ্রিল ২২ পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৩৭ কোটি ৭৮ লাখ টাকা। আর সে লক্ষ্য সামনে রেখে ১০ মাসে রাজস্ব আদায় হয়েছে ৬৪৯ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৫২ লাখ, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৫৫ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ৫৯ কোটি ২০ লাখ, ফেব্রুয়ারিতে ৬২ কোটি ৪১, মার্চে ৯৩ কোটি ৯৮ লাখ সবশেষ এপ্রিলে ৫৭ কোটি ৪৬ টাকা আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি পড়েছে ২৮৮ কোটি ২৯ লাখ টাকা।
এদিকে গত ২০২০-২১ অর্থবছরের প্রথম ১০ মাসে এ বন্দরের রাজস্ব আয় হয়েছিলো ৭০১ কোটি ২৯ লাখ টাকা। যা চলতি অর্থবছরের প্রথম দশ মাসের তুলনায় ৫১ কোটি ৮ লাখ টাকা বেশি আদায় হয়।
ভোমরা শুল্ক স্টেশন কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, অর্থবছরের শুরু থেকে মূলত এ বন্দরের ব্যবসা বাণিজ্য মন্দা যাওয়ায় রাজস্ব কমে গেছে। তাছাড়া রয়েছে বৈশ্বিক মহামারী করোনা সংকট। যে কারণে গত ১০ মাসে এত বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি পড়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



