সয়াবিন তেল

৩ হাজার ৩৭৮ লিটার মজুদ সয়াবিন তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার ৩৭৮ লিটার মজুদ সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। চট্টগ্রাম শহরের একটি মার্কেটে দোকানের মেঝেতে লুকিয়ে রাখা ১ হাজার ৫০ লিটার ও ফটিকছড়ি উপজেলায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের জরিমানা ছাড়াও জব্দকৃত সয়াবিন ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

গতকাল ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নগরীর ষোলশহর এলাকার কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে দোকানের মেঝে থেকে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করে। এ সময় মেসার্স কাশেম স্টোরের ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা ছাড়াও ন্যায্যমূল্যে ঐ তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়া হয়।

ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিকার অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোজ্যতেলের দাম বৃদ্ধির পর অতি মুনাফার লোভে ব্যবসায়ীরা ভোজ্যতেল মজুদ করছেন। আজকের অভিযানে দেখা যায়, অভিযুক্ত ব্যবসায়ী দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় পাঁচ লিটারের এসব সয়াবিন মজুদ করে রেখেছিলেন। অভিযোগ প্রমাণ হওয়ায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। অভিযুক্ত ব্যবসায়ীকে অবৈধভাবে পণ্য মজুদের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ছাড়াও জব্দকৃত সয়াবিন ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)