কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা
বস্ত্র খাতে রফতানি প্রণোদনা পাওয়ার শর্ত শিথিল
নিজস্ব প্রতিবেদক: দেশীয় বস্ত্র খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার শর্ত কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে রফতানি নগদ সহায়তা পেতে হলে ন্যূনতম ২০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন করতে হবে। এর আগে নগদ সহায়তা পাওয়ার জন্য ন্যুনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত ছিল।
সোমবার (৯ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রিয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বস্ত্র খাতে বিদ্যমান হারে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ২০ শতাংশ প্রযোজ্য হবে। ২০২১-২০২২ অর্থবছরে জাহাজিকৃত রফতানি চালানের বিপরীতে দাখিল করা অনিষ্পন্ন আবেদনগুলোসহ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।
নতুন এ নিয়মের ফলে আগে যেখানে রফতানিতে নগদ সহায়তা পাওয়ার জন্য ১০০ টাকার পণ্য আমদানি করে এর সঙ্গে ন্যূনতম ৩০ টাকার পণ্য সংযোজন করে রফতানি করতে হতো- এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে। এতে বস্ত্র খাতে নগদ সহায়তা পাওয়ার সুযোগ বেড়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



