২০২৪ সালে ৮০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে পারবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা কিছু কিছু ভালো কাজ করতে পেরেছি। আমরা ৬০ বিলিয়ন রফতানি করতে পারবো বলে আশা করছি। ২০২৪ সালে ৮০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে পারবো বলে আশা করছি।
তিনি বলেন, ১৫০টির বেশি দেশে ফার্মাসিউটিক্যাল পণ্য পাঠাতে পারছি। অন্যদিকে ইথিউপিয়া এসব পণ্যের ৯০ শতাংশ বাইরে থেকে আমদানি করে। আশা করছি, গার্মেন্টস সেক্টরে আরো ১০ লাখ কর্মী যুক্ত হবে।
সোমবার বেলা ১১টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, আমাদের খাদ্যপণ্যের ওপর রাশিয়া-ইউক্রনের যুদ্ধ অনেকটা প্রভাব ফেলেছে। সেজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। শ্রীলংকার অবস্থা দেখে অনেকে প্রচার করছে, সে অবস্থা হতে পারে। সে রকম কোনো আশঙ্কা নেই। আমরা নিজেরাই শ্রীলংকাকে ঋণ দিয়েছি।
তিনি বলেন, আন্তর্জাতিক অবস্থা ভালো থাকলে দেশের অবস্থাও ভালো থাকে। আমি বৈশ্বিক সমস্যার মধ্যে আছি। তেল, চিনি ও ডালের দাম নিয়ে একটু সমস্যা হচ্ছে। তেলের ৯০ ভাগ আমাদের আমদানি করে আনতে হয়। আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব পড়লে দেশেও দাম বেড়ে যায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি পণ্য আছে, যেগুলো আমরা মনিটর করি।
বাণিজ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে পেঁয়াজের দাম একটু চড়া। তবুও মানুষের নাগালের মধ্যেই দাম আছে। পেঁয়াজের দাম যদি কৃষক ২৫ টাকা পান তাহলেও মোটামুটি পুষিয়ে নেয়া সম্ভব হয়। পরে সেটির সঙ্গে ট্রান্সপোর্টসহ কিছু কস্টিং যুক্ত হয়।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সম্পাদক মেহ্দী আজাদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন
বিনিয়োগবার্তা/এসএল//



