BD South Korea

বাংলাদেশ-কোরিয়ার পরমাণু বিষয়ক চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও সহযোগিতার জন্য বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চুক্তি সই হয়েছে। বুধবার কোরিয়া পরমাণু শক্তি গবেষণা ইনস্টিটিউট (কেএইআরআই) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় বিএইসি ভবনে কেএইআরআইয়ের প্রেসিডেন্ট পার্ক ওয়ান সক, বিএইসির চেয়ারম্যান মো. আজিজুল হক, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কুন এবং কেএইআরআই এবং বিএইসির অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

সমঝোতা স্মারক অনুসারে, কেএইআরআই এবং বিএইসি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। যার মধ্যে রয়েছে গবেষণা চুল্লির উন্নয়ন, ব্যবহার এবং আপগ্রেড, রেডিও আইসোটোপের উৎপাদন এবং প্রয়োগ, বিকিরণ প্রযুক্তির বিকাশ, নিউট্রন বিজ্ঞান এবং পারমাণবিক/তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা। কোরিয়া আশা করে, সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে দুটি সংস্থার মধ্যে বিদ্যমান সহযোগিতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ গতি প্রদান করবে।

গত ৫০ বছরে কোরিয়ার হানারো, জর্ডানের জেআরটিআর, নেদারল্যান্ডসের ওইস্টারের উন্নয়নের মাধ্যমে কেএইআরআই একটি দৃঢ় অবকাঠামো এবং সেই সঙ্গে গবেষণা চুল্লির অপারেশন জ্ঞান প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে পার্ক ওয়ান সক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও গবেষণায় বিশ্বস্ত অংশীদারত্ব জোরদারের আশ্বাস প্রদান করেন।

লি জ্যাং কুন জোর দিয়ে বলেন, এ সমঝোতা সই কোরিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে। কারণ এটি পারমাণবিক শক্তি ও বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ সহযোগিতার একটি নতুন পথ খুলে দিয়েছে। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বলে মনে করিয়ে দিয়ে লি জ্যাং কুন উল্লেখ করেন, উভয় দেশই বিগত কয়েক দশক ধরে তৈরি পোশাক, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও আইসিটি ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্রকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কেএইআরআইয়ের প্রতিনিধি দল আজ বাংলাদেশ ট্রেনিং রিসার্চ রিঅ্যাক্টর (বিটিআরআর) পরিদর্শন করবেন। এ সফর বিটিআরআর সংস্কারের জন্য কেএইআরআই এবং বিটিআরআরের মধ্যে ২০২১ সালের জুলাইয়ে স্বাক্ষরিত চুক্তির একটি পদক্ষেপ হবে, যা পরের বছর শেষ হওয়ার কথা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)