bd8

যুক্তরাষ্ট্রে টুইটারকে ১৫০ মিলিয়ন ডলার জরিমানা

বিনিয়োগবার্তা ডেস্ক: ব্যবহারকারীদের তথ্য বিক্রি করায় মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে ১৫০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।বিবিসির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। বিজ্ঞাপনে সহায়তার জন্য অবৈধভাবে ব্যবহারকারীদের ডাটা ব্যবহার করছে টুইটার। এমন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা টুইটারকে ১৫০ মিলিয়ন ডলার জরিমানা করেছেন।  

দেশটির ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এবং বিচার বিভাগ বলছে, নিয়ন্ত্রকদের সঙ্গে করা একটি চুক্তি লঙ্ঘন করেছে টুইটার।

ব্যবহারকারীদের ফোন নম্বর এবং ইমেল ঠিকানা মতো ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সামাজিক মাধ্যমটি। তবে ফেডারেল তদন্তকারীরা বলেছেন, টুইটার সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

এর আগে ইউরোপের জিডিপিআর ডাটা গোপনীয়তার নিয়ম ভঙ্গ করার জন্য ২০২০ সালের ডিসেম্বর মাসে টুইটারকে ৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছিল।

ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি হচ্ছে মার্কিন সরকারের একটি স্বাধীন সংস্থা যার লক্ষ্য হচ্ছে অ্যান্টি-ট্রাস্ট আইন প্রয়োগ করা এবং ভোক্তাদের মধ্যে নিরাপত্তা বিষয়ক তথ্যাদি প্রচার করা।

সংস্থাটি টুইটারকে ২০১১ সালের এফটিসির একটি আদেশ লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছে। এ আদেশে স্পষ্টভাবে কোম্পানিকে তার গোপনীয়তা এবং নিরাপত্তা অনুশীলনগুলোকে ভুলভাবে উপস্থাপন করা থেকে নিষিদ্ধ করা হয়।

এফটিসির চেয়ারম্যান লিনা খান জানান, অভিযোগের নথিতে বলা হয়েছে, টুইটার নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহার করার অজুহাতে ব্যবহারকারীদের কাছ থেকে তাদের ডাটা নিয়েছে। কিন্তু অবশেষে সেসব তথ্য বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে ব্যবহার করেছে। এতে টুইটারের প্রাথমিক আয়ের উৎস বাড়লেও, প্ল্যাটফর্মটির ১৪০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর ওপর প্রভাব পড়েছে। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)