lgg

গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে ৮ হাজার ৩৭০ কোটি ডলার ব্যয় করবে এলজি

বিনিয়োগবার্তা ডেস্ক: আগামী পাঁচ বছরে অর্থাৎ ২০২৬ সাল নাগাদ দক্ষিণ কোরিয়ায় উৎপাদন, গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে ১০৬ ট্রিলিয়ন ওন বা ৮ হাজার ৩৭০ কোটি ডলার ব্যয়ের বিষয়টি নিশ্চিত করেছে এলজি গ্রুপ। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োফার্মাসিউটিক্যাল প্রযুক্তি ও পরিচ্ছন্ন প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি পাঁচ বছরের জন্য এ পরিকল্পনা নিয়েছে। এ ব্যয়ের মাধ্যমে দেশটিতে প্রতিষ্ঠানটির গবেষণা সক্ষমতা ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহৎ কনগ্লোমারেট প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষা করা হবে। যেগুলো মূলত ভোক্তা ইলেকট্রনিকস, ব্যাটারি, রাসায়নিক ও যোগাযোগসংক্রান্ত কাজের সঙ্গে সম্পৃক্ত।

মোট বিনিয়োগের মধ্যে শুধু গবেষণা ও উন্নয়নে ৪৮ ট্রিলিয়ন ওন ব্যয় করা হবে। এ লক্ষ্য অর্জনে পাঁচ বছরে এলজি গ্রুপ ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ডারি ব্যাটারি সেল ও যন্ত্রাংশের উন্নয়নে পাঁচ বছরের জন্য ১০ ট্রিলিয়ন ওন বাজেট নির্ধারণ করেছে। এটি গ্রুপটির ব্যাটারি প্রস্তুতকারী সহযোগী প্রতিষ্ঠান এলজি এনার্জি সলিউশনকে উত্তর চুনচেওং প্রদেশের ওচাঙে সিলিন্ডার আকারের ব্যাটারি সেল উৎপাদন কার্যক্রমকে বিস্তৃত করবে। পাশাপাশি লিথিয়াম আয়ন পাউচ সেল বিক্রির ওপর নির্ভরতা কমাবে।

নির্ধারিত বিনিয়োগের মাধ্যমে গ্রুপটি পরবর্তী প্রজন্মের সলিড স্টেট ব্যাটারি, লিথিয়াম সালফার ব্যাটারির উন্নয়নের পাশাপাশি ব্যাটারি রিসাইকেল সিস্টেম স্থাপন এবং ব্যাটারির স্থায়িত্ব পরীক্ষার জন্য টুল তৈরি ও ব্যবহার নিশ্চিত করা হবে। ব্যাটারি পণ্য বিক্রির অনুমোদিত প্রতিষ্ঠান এলজি কেম তাদের ক্যাথড ম্যাটারিয়াল, সেপারটরস ও কার্বন ন্যানোটিউব ব্যবসার প্রসারে ১ লাখ ৭০ হাজার কোটি ওন ব্যয় করবে।

২০২৫ সালের মধ্যে এলজি কেম তাদের উচ্চক্ষমতার নিকেল ক্যাথডের উৎপাদন সক্ষমতা প্রায় তিন গুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এসব পণ্য টেসলার মতো বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, এ বিনিয়োগ একীভূতকরণ, অধিগ্রহণ ও যৌথ উদ্যোগকে কার্যকর করতে সহায়তা করে।

এলজি গ্রুপের মালিকানা প্রতিষ্ঠান এলজি করপোরেশনের অধীনে মাল্টিমোডাল হাইপারস্কেল কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সাওনের উন্নয়নে ৩ লাখ ৬০ হাজার কোটি ওন ব্যয় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কোষ ও জিন থেরাপির পাশাপাশি উন্নত ওষুধ তৈরির পাইপলাইনের আধুনিকায়নে ১ লাখ ৫০ হাজার কোটি ওন বিনিয়োগ করা হবে।

পরিচ্ছন্ন শক্তির জন্য এলজি কেম ১ লাখ ৮০ হাজার কোটি ওন বিনিয়োগ করবে। মূলত বায়োডিগ্রেডেবল পলিমার ও প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিতেই এ উদ্যোগ। ভবিষ্যত অঙ্গীকারের পাশাপাশি বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখতে এলজি তাদের গৃহস্থালি বৈদ্যুতিক পণ্য, টেলিভিশন, টেলিকমিউনিকেশন ও কেমিক্যালসহ অন্যান্য ব্যবসা খাতেও বড় বিনিয়োগ করবে। আলাদাভাবে এলজি তার বিক্রেতাদের স্মার্ট ফ্যাক্টরি সলিউশন এবং আর্থিক সুবিধার মতো বিষয়ে বিস্তৃত পরিসরে সহায়তা দেবে। সোমবার থেকে দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা নিয়ে এলজি গ্রুপের চেয়ারম্যান কু-কুয়াং-মো ও তার ব্যবস্থাপনা সহযোগীদের সঙ্গে ত্রিবার্ষিক বৈঠকের আগে এ ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)