9f3

ডলার বাঁচাতে নতুন পেমেন্ট সিস্টেমের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক: ডলার বাঁচাতে এবার হংকং ও সিঙ্গাপুরের নতুন পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন সুইফটের বাইরে হংকং ও সিঙ্গাপুরে চালু করা নতুন পেমেন্ট সিস্টেম পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম হংকং ও সিঙ্গাপুরে চালু করা নতুন পেমেন্ট সিস্টেম বিষয়ে আরও বলেন, আমাদের কাছে কিছু তথ্য এসেছে, সুইফটের বাইরে হংকং এবং সিঙ্গাপুর নতুন কিছু পেমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মন্ত্রিসভার বৈঠকে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে খতিয়ে দেখার জন্য কয়েকদিন সময় দেয়া হয়েছে।

তিনি বলেন, হংকং থেকে চার-পাঁচ বিলিয়ন ডলারের একটি ফান্ডিং তারা নিয়ে আসছে। আমাদের সঙ্গে চুক্তিতে আসলে এলসি খোলার বিপরীতে খুবই কম রেট অফ ইন্টারেস্টে প্রডিউসারকে পে করবে তারা এমন অফার দিয়েছে।

তারা আরো জানিয়েছে, এরপর রফতানির সময় আমার যে টাকাটা তোমার এক্সপোর্ট পেমেন্টের, সেটা আমার কাছে যাবে, আর তোমার এক্সসেস টাকা তোমার দেশে চলে যাবে। তাহলে ডলারও ইনটেক রয়ে যাবে বলে তাদের পরামর্শের কথা উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

হংকং এর মত একইরকম নানা সুবিধা সিঙ্গাপুর থেকেও অফার করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে এ বিষয়ে কাজ করছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)