উইসিস পুরস্কার ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম সম্মানজনক ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) তথা উইসিস পুরস্কার ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় সন্ধ্যায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষে উইসিস পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এ কথা জানান ভূমিমন্ত্রী। আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আইটিইউ'র মহাসচিব হাউলিন ঝাও ভূমিমন্ত্রীর হাতে উইসিস পুরস্কারের ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, উইসিস পুরস্কার অর্জন ভূমি মন্ত্রণায়ের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এ স্বীকৃতি আরো ভালো কাজ করতে আমাদের অনুপ্রাণিত করবে। সাইফুজ্জামান চৌধুরী বলেন, আজকের অবস্থানে আসার যাত্রা খুব সহজ ছিল না। এক সময় বাংলাদেশের পুরো ভূমি সেবা ব্যবস্থাপনা ব্যবস্থায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এলে এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রথমবারের মতো ভূমি সেবা ডিজিটালাইজেশনের পরিকল্পনা নেয়া হয়। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশ ডিজিটাল ব্যবস্থার অংশ হয়েছি।’
প্রধানমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উইসিস ফোরামকে ধন্যবাদ জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, উইসিস পুরস্কার অর্জনে মানুষ ও দেশের কল্যাণে আরও বেশি করে কাজ করার জন্য আমাদের কাঁধে আরও দায়িত্ব চলে এসেছে।
প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা উইসিস তথা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় ‘তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সকল ক্ষেত্রে কল্যাণে ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে সেরা প্রকল্প/উদ্যোগ হিসেবে বিজয়ী হয়েছে। মোট ১৮টি শ্রেণিতে উইসিস পুরস্কার দেয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতা, মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গবেষক, বেসরকারি খাত এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন উদ্যোগের উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএল//



