জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মাসেতু করেছেন: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পদ্মাসেতু হওয়ায় বিএনপির গা জ্বলা শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বাংলাদেশের জনগণের টাকায় ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু করব। দেশের জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মাসেতু করেছেন।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী কলেজ মাঠে আয়োজিত কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আনিসুল হক বলেন, পদ্মাসেতু নিয়ে ড. ইউনূস এবং ড. কামাল হোসেন মিলে ষড়যন্ত্র করেন, যাতে বিশ্ব ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেয়।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, আপনারা রাজনীতি করেন আপত্তি নেই। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষা করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড হোক। আপনারা ষড়যন্ত্র করে এখানে কিছু করতে পারবেন না।
সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের এমপি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এছাড়া জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন
বিনিয়োগবার্তা/এসএল//



