Garments protest

মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে গতকাল সড়ক আটকে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানোর পাশাপাশি বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান তারা। টানা ৭ ঘণ্টা সড়ক আটকে রাখেন শ্রমিকরা।

গতকাল সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিকাল বেলা ৩টার দিকে পুলিশ টিয়ার শেল ও লাঠিপেটা শুরু করলে শ্রমিকরা সড়ক ছেড়ে যান।

ঢাকা মহানগর পুলিশ মিরপুর বিভাগের তথ্য অনুযায়ী, সকালে মিরপুর ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর সড়ক দখলে নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মিরপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

সড়ক অবরোধের কারণ সম্পর্কে শ্রমিকরা জানিয়েছেন, বেতন বাড়ানোর জন্য বারবার তাগাদা দিলেও মালিকপক্ষর সাড়া পাওয়া যাচ্ছে না বিধায় তারা সড়কে নেমেছেন।

জানা গেছে, শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে মিরপুরের এ এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প সড়ক দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হলে দুর্ভোগে পড়ে মানুষজন। বিকাল সাড়ে ৩টার দিকে ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গতকাল মিরপুরে পোশাক শ্রমিকদের শ্রম অসন্তোষের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার-শ্রমিক-মালিক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্ম সচিব) মিনা মাসুদ উজ্জামান।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, মিরপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক নেতাদের সম্পৃক্ততা নেই। কোন শ্রমিক সংগঠনের ইন্ধনে তারা আন্দোলন করছেন, সে বিষয়ে উপস্থিত শ্রমিক নেতারা অবগত নন। তবে উপস্থিত শ্রমিক নেতারা শ্রম আইনের বিধিবিধান মোতাবেক সুনির্দিষ্ট পন্থা অবলম্বনপূর্বক মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সভায় জানান, ৬ জুন (আজ) থেকে কারখানা যথারীতি খোলা থাকবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)