tt

মাস্ককে টুইটের প্রাথমিক তথ্য সরবরাহ করবে টুইটার

বিনিয়োগবার্তা ডেস্ক: টেসলার মালিক ও মার্কিন ধনকুবের ইলোন মাস্কের অধিগ্রহণ পরিকল্পনাকে এগিয়ে নিতে প্রতিদিনের লাখ লাখ টুইটের প্রাথমিক তথ্য সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে টুইটার। প্রকাশিত একাধিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর অ্যাসোসিয়েট প্রেস।

গত ২৫ এপ্রিল ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কিনে নেয়ার জন্য মাস্কের অফারে সম্মতি দেয় প্লাটফর্মটি। চুক্তিটির সঙ্গে যেসব আইনজীবী যুক্ত, তারা তথ্য সরবরাহের বিষয়ে সম্মতি প্রকাশ করেননি। এ বিষয়ে মাস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে চুক্তির বিষয়ে এর আগে মাস্ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন। প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি অস্বীকার করেছে টুইটার। পাশাপাশি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা মাস্কের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে তথ্য সরবরাহ করছে।

এপ্রিলে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণের জন্য বৈধ ও আইনসম্মত চুক্তির অফার করেছিলেন ইলোন। তবে প্লাটফর্মে থাকা ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে পরিষ্কার তথ্য সরবরাহ না করলে এ চুক্তি এগোবে না বলেও জানান তিনি। যুক্তি দিয়ে তিনি বলেন, টুইটার দীর্ঘদিন থেকে ভুল তথ্য ও বিদ্বেষমূলক কনটেন্ট ছড়ানো স্বয়ংক্রিয় স্প্যাম বট অ্যাকাউন্টের সংখ্যা এড়িয়ে গেছে।

টুইটারের স্প্যাম বট ও জাল অ্যাকাউন্টের পরিমাণ প্রকাশ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে তদন্তের ঘোষণা দিয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেইন প্যাক্সটন। তিনি জানান, বট অ্যাকাউন্টের বিষয়ে টুইটারের মিথ্যা প্রতিবেদনের বিষয়টিও তদারক করবে তার অফিস।

ইলোন মাস্ককে তথ্য সরবরাহের বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে দি ওয়াশিংটন পোস্ট প্রথম প্রতিবেদন প্রকাশ করে। অন্যান্য প্রতিবেদনে বলা হয়,  যুক্তরাষ্ট্রের এ ধনী কিছু ক্ষেত্রে প্রবেশাধিকার পাবেন। টুইটার তথ্য সরবরাহের যে অফার দিয়েছে, সেটি বট বা ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে মাস্কের যে অবস্থান, এতে বাধা দেবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

চলতি সপ্তাহে মাস্কের আইনজীবীরা ভুয়া অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা প্রকাশে অস্বীকৃতির কারণে প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছেন। পালো আল্টোর আইনজীবী মাইক রিংলার ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। সেই সঙ্গে এ বিষয়ে কোনো মন্তব্য প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভুয়া অ্যাকাউন্টের উপস্থিতি দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করে আসছে। এসব প্লাটফর্ম প্রদত্ত ব্যবহারকারীর সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনদাতারা ব্যয়ের জায়গা নির্ধারণ করে। ভুল তথ্যের দ্রুত বিস্তারে স্প্যাম বট ব্যবহার করা হয়। ভুয়া অ্যাকাউন্টের সমস্যার বিষয়ে টুইটার ও প্লাটফর্মের বিনিয়োগকারীরা ভালোভাবেই অবগত। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে বট অ্যাকাউন্টের তথ্য জানিয়ে আসছিল। তবে তাদের তথ্যের তুলনায় অ্যাকাউন্টের সংখ্যা বেশি বলে অভিযোগ রয়েছে।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল জানান, টুইটার ধারাবাহিকভাবে অনুমান করেছে যে প্লাটফর্মে থাকা মোট অ্যাকাউন্টের মধ্যে মাত্র ৫ শতাংশই ভুয়া। সে সময় মাস্ক সে তথ্যের বিরোধিতা করেছেন। মে মাসে দেয়া এক টুইটে তিনি জানিয়েছিলেন, টুইটারের ২০ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া। তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

বিনিয়োগবার্তা/এসএল//
 


Comment As:

Comment (0)