সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী
আগামী জুনের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হবে
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকাগুলোয় শতভাগ মানুষকে বিদ্যুতায়নের আওতায় আনার কাজ চলমান। ২০২৩ সালের জুনের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে। গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালের আগে দেশে বিদ্যুৎ সুবিধাভুক্ত মানুষ ছিল ৪৭ শতাংশ। গত ১৩ বছরে অবশিষ্ট ৫৩ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনে শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম এলাকা ছাড়া দেশের সব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্প্রসারণ সম্ভব হয়েছে।
গণফোরামের মোকাব্বির খানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জনগণকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে সরকার প্রতি বছর ক্যাপটিভ রেন্টাল বা ভাড়ায় চালিত বিদ্যুৎকেন্দ্রে ভর্তুকি প্রদান করে। গত ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৭১৪ কোটি ৭৭ লাখ ও ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৩৭৮ কোটি ৪১ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে।
নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুদের পরিমাণ ৩৯ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুদের পরিমাণ ২৮ দশমিক ৪২ ট্রিলিয়ন ঘনফুট। শুরু থেকে গত ডিসেম্ব্বর ২০২১ পর্যন্ত ১৯ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর জানুয়ারি ২০২২-এ মজুদের পরিমাণ ৯ দশমিক ৩০ ট্রিলিয়ন ঘনফুট।
সরকারি দলের মোহাম্মদ এবাদুল করিমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে দৈনিক গড়ে ২ হাজার ৩০৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। বর্তমানে আটটি গ্রাহক শ্রেণীর অনুমোদিত গ্যাস লোড অনুযায়ী দৈনিক চাহিদা ৩ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কম হওয়ায় দৈনিক প্রায় ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজি আমদানির মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



