বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি
পরিচালকদের কোম্পানি থেকে ব্যাংকের কেনাকাটায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: দেশের অনেক ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা পৃথক কোম্পানি খুলে নিজেদের ব্যাংকের সঙ্গেই ব্যবসা করছেন। পণ্য ও সেবা ক্রয় থেকে শুরু করে জনবল নিয়োগের ক্ষেত্রেও জড়িয়ে পড়ছে পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় পরিচালকদের কোম্পানি থেকে ব্যাংকের কোনো পণ্য বা সেবা ক্রয় করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো কোম্পানিও ব্যাংকের কোনো পণ্য, সেবা ক্রয় ও সংগ্রহ বা প্রকিউরমেন্ট সম্পর্কিত কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ থেকে বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক-কোম্পানি পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার ও সুশাসন নিশ্চিতকরণে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৮(২) ধারার বিধান পরিপালনের লক্ষ্যে ২০২১ সালের ২১ জানুয়ারি জারীকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেক ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের নিজ নিজ এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণ বার্ষিক ভিত্তিতে পর্ষদে দাখিলের জন্য নির্দেশনা দেয়া হয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ মর্মে অবহিত হয়েছে যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৮ ধারার উপধারা (৭) ও উপধারা (৮)-এ বর্ণিত স্বার্থের সংঘাত পরিহার ও প্রত্যেক গ্রাহকের স্বীয় স্বার্থের সমতা নিশ্চিতকরণ-সংক্রান্ত বিধানের ব্যত্যয় ঘটিয়ে ব্যাংকের জন্য প্রয়োজনীয় পণ্য, সেবা ইত্যাদি প্রকিউরমেন্ট তথা ক্রয় ও সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে কোনো কোনো ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করছে।
ব্যাংক পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহারের বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, আমানতকারীসহ অন্যান্য গ্রাহক ও ব্যাংকের স্বার্থকে প্রাধান্য দেয়ার লক্ষ্যে এ মর্মে নির্দেশনা দেয়া যাচ্ছে যে ব্যাংকের কোনো পণ্য, সেবা ইত্যাদি ক্রয় ও সংগ্রহ বা প্রকিউরমেন্ট সম্পর্কিত কার্যক্রমে পরিচালনা পর্ষদের কোনো পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পৃক্ত হতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের জারীকৃত প্রজ্ঞাপনের বিষয়টি ব্যাংকের পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপনের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



