সিলেট ওসমানী বিমানবন্দর ৩ দিন বন্ধ ঘোষণা
সিলেট প্রতিনিধি: সিলেটে হু হু করে পানি বাড়ছে। বন্যা সিলেটের জন্য একের পর এক দুঃসংবাদ নিয়ে আসছে। বন্ধ হয়েছে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত হয়েছে এসএসসি পরীক্ষা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো প্লাবিত হয়েছে। রানওয়েতে পানি প্রবেশ করায় এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, বন্যার পানিতে রাওয়ের অ্যাপ্রোচ লাইট ডুবে গেছে। এছাড়া পাওয়ার ক্যাবলগুলো পানির নিচে চলে গেছে। এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার (১৭ জুন) বেলা ৩টার পর থেকে আগামী তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, সিলেট বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল সেগুলো এখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান, সিলেটের কুমারগাঁও বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র রক্ষা করতে কাজ শুরু করেছেন সেনাবাহিনী। শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে গ্রিড উপকেন্দ্রে পানি প্রবেশ বন্ধ করতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তাদের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মীরা কাজ করছেন।
বিনিয়োগবার্তা/এসএল//



