পদ্মা সেতু হয়ে ২১টি নতুন রুট চালু করছে বিআরটিসি
নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ২১টি নতুন রুটে বাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ২৫ জুন উদ্বোধন হবে পদ্মা সেতু। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হবে ২৬ জুন। সেদিনই নতুন রুটগুলোয় বিআরটিসির বাস চলাচল শুরুর কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম।
ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে চালু হওয়া নতুন রুটগুলো হলো গুলিস্তান-খুলনা ভায়া পদ্মা সেতু-গোপালগঞ্জ-ফকিরহাট, গুলিস্তান-বেনাপোল ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-গোপালগঞ্জ-যশোর, ঢাকা-সাতক্ষীরা ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা, গুলিস্তান-বরিশাল ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-টেকেরহাট-মোস্তফাপুর-গৌরনদী, গুলিস্তান-শরীয়তপুর ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-জাজিরা, গুলিস্তান-যশোর ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-ভাটিয়াপাড়া-নড়াইল-যশোর।
একইভাবে মিরপুর ১২-বরিশাল ভায়া ফুলবাড়িয়া-সায়েদাবাদ-ভাঙ্গা-টেকেরহাট-মোস্তফাপুর-গৌরনদী, আব্দুল্লাহপুর-মাদারীপুর ভায়া শিবচর-টেকেরহাট-মোস্তফাপুর, ঢাকা-পয়সারহাট-আগৈলঝাড়া, গুলিস্তান-মাওয়া-মুকসুদপুর রুটে চলবে বিআরটিসির বাস।
এর বাইরে ঢাকা-শরীয়তপুর ভায়া মাওয়া-পদ্মা সেতু জাজিরা, ঢাকা-খুলনা ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-গোপালগঞ্জ-ফকিরহাট-কাটাখালী, ঢাকা-যশোর ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-ভাটিয়াপাড়া-কালনাঘাট-লোহাগড়া-নড়াইল, ঢাকা-পিরোজপুর ভায়া পদ্মা সেতু-ভাঙ্গা-মুকসুদপুর-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া-নাজিরপুর, গুলিস্তান-গোসাইরহাট ভায়া শরীয়তপুর-ড্যামুডা বাইপাস, ঢাকা-মোল্লারহাট ভায়া শরীয়তপুর রুটে বাস পরিচালনা শুরু করবে বিআরটিসি।
এছাড়া ঢাকা-ফরিদপুর ভায়া ভাঙ্গা, ঢাকা-কুমারখালী ভায়া পটুয়াখালী, ঢাকা-ভাণ্ডারিয়া ভায়া ঝালকাঠি, ঢাকা-বাউফল ভায়া বরিশাল ও ঢাকা-কুমারখালী ভায়া বরিশালের মধ্যে চলবে বিআরটিসির বাস।
নতুন রুটগুলো সম্পর্কে জানতে চাইলে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বর্তমানে দুটি রুটে বিআরটিসি বাস পরিচালনা করা হচ্ছে। নতুন করে আরো ২১টি রুটে বাস চলাচল শুরু করতে যাচ্ছি আমরা। সব মিলিয়ে রুটের সংখ্যা হচ্ছে ২৩। ২৬ জুন নতুন রুটগুলোয় বিআরটিসির বাস চলাচল শুরু হবে। নতুন-পুরনো মিলিয়ে রুটগুলোয় মোট ৬৫টি বাস চলবে। নন-এসি বাসের সঙ্গে এসি বাসও থাকবে। ২০১৯ সালে যে বাসগুলো কেনা হয়েছে, নতুন রুটগুলোয় সেই বাসগুলো দেয়া হবে।
তিনি আরো বলেন, দক্ষিণবঙ্গের ২১ জেলাকে ঢাকার সঙ্গে যুক্ত করতে যাচ্ছে পদ্মা সেতু। দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি বাস যোগাযোগ স্থাপনের লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। আমরা পদ্মা সেতুর অংশীদার হতে চাই।
বিআরটিএ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাস ভাড়া পুনর্নির্ধারণের জন্য গত ৩১ মে আবেদন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়, সরকার পদ্মা সেতুতে গাড়ি পারাপারের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। আর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও টোল আরোপ করা হবে। এমন পরিপ্রেক্ষিতে নীতিমালা অনুযায়ী পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের ভাড়ার সঙ্গে টোল সংযোজনের অনুরোধ করা হয় আবেদনে।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাস ভাড়া পুনর্নির্ধারণ করে বিআরটিএ। পদ্মা সেতু চালুর পর এসব রুটের বাসে আসনপ্রতি ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। বিআরটিসির নতুন রুটগুলোয় সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হবে।
তবে নতুন ভাড়ার সঙ্গে কেবল পদ্মা সেতুর টোলহারকে বিবেচনা করা হয়েছে। এক্সপ্রেসওয়ের টোলহার নির্ধারণ করে যখন প্রজ্ঞাপন জারি করা হবে, তখন বাস ভাড়া আরেকবার পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পরিবহন খাতসংশ্লিষ্টরা।
বিনিয়োগবার্তা/ডিএফই//



