1940317706

ইতিহাসের সাক্ষী হয়ে ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল

বরিশাল প্রতিনিধি: স্বপ্নের পদ্মাসেতু চালু হওয়ার সঙ্গে বরিশাল অঞ্চলের যাত্রীরা ইতিহাসের সাক্ষী হয়ে মাত্র তিন ঘণ্টায় নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে পা রাখতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। পদ্মাসেতুতে প্রথম দিনে যান-বাহনের চাপ থাকার কারণে টোল প্লাজায় একটু বিলম্বিত হওয়া সত্বেও যাত্রীদের মাঝে ছিল ভিন্ন রকম আনন্দ।

প্রথমবারের মতো পদ্মাসেতু দিয়ে নিজ গন্তব্যে আসতে পারায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিশালে আসা বিভিন্ন গাড়ির নারী ও পুরুষ যাত্রীরা।

রোববার বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে সর্বপ্রথম বেসরকারি এসি সাকুরা পরিবহন ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকাল সাড়ে ৫টার দিকে ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে উদ্দেশ্যে যাত্রা করে।

সাকুরা পরিবহনের গাড়িটি টোল প্লাজায় যানজট থাকায় টোল নিতে একটু বিলম্ব হওয়া সত্ত্বেও তিন ঘণ্টায় বরিশালে পৌছে। পুনরায় সকাল ১১টার দিকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বলে সাকুরা পরিবহনের সুপারভাইজার নাসির এ তথ্য জানান।

সাকুরা পরিবহনের অপর গাড়ি সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকার গাবতলী থেকে বরিশালে তিন ঘণ্টার মধ্যে নথুল্লাবাদ পৌছে। একই সময় দেখা গেছে সাকুরা পরিবহন কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের প্রচণ্ড চাপ।

ইলিশ পরিবহনের চালক মোখলেস বলেন, টোল প্লাজায় প্রথম দিন ভিড় থাকার পরেও যাত্রীদের নিয়ে তিন ঘণ্টায় বরিশালে আসতে পারায় আমরা আনন্দিত।

পদ্মাসেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা গ্রীন লাইন এসি পরিবহন কর্তৃপক্ষ প্রথম দিনে ৪০ ও ২৭ সিটের ১২টি গাড়ি চালু করেছে।

বরিশাল গ্রীনলাইন কাউন্টার ইনচার্জ হাসান সরদার বাদশা জানান, ব্র্যাণ্ড এসকানিয়া ও ম্যান নামের গাড়িগুলো জার্মান থেকে আমদানি করা হয়েছে। এছাড়া ভলবো নামের গাড়িগুলো সুইডেন থেকে আমদানি করা হয়েছে। প্রথম দিনে বরিশালে ১২টি গাড়ি দিয়ে সার্ভিস শুরু করেছে। ৪০ সিটের এসি গাড়ির জন প্রতি ভাড়া ৭৫০ টাকা। 

গ্রীন লাইন পরিবহনের চালক ইয়াসিন জানান, সকাল সাড়ে ৬ টায় ঢাকার আরামবাগ থেকে ছেড়ে আসার পর ৪০ মিনিট টোল প্লাজায় বিলম্ব হওয়ার পরও তারা তিন ঘণ্টায় বরিশালে আসতে পেরেছে।

বিআরটিসি কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের দেখা গেছে প্রচুর ভিড়। তারাও টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার জন্য অপেক্ষা করছেন।

বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ ম্যানেজার মো. জাহাঙ্গীরর আলম জানান, বরিশাল-ঢাকার জন্য ১৪টি এসি সার্ভিস বাস চালু করা হয়েছে। এর মধ্যে ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে ২টি, ভান্ডরিয়া ১টি ও বরিশাল-ঢাকা রুটে ১১টি এসি বাস সার্ভিস চালু হয়েছে। 

তিনি আরো জানান, বরিশাল-ঢাকার গুলিস্তান পর্যন্ত জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেয়ার কারণে তাদের গাড়িতে যাত্রী চাপ রয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকায় রওয়ানা দিয়েছে।

বরিশাল নথুল্লাবাদসহ কাশিপুর সড়কে বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানের সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্যদের দারুণ বেগ পোহাতে হচ্ছে। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)