f5b

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে হজের প্রথম ফ্লাইট

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ সিলেট থেকে ২০২২ সালের অনুষ্ঠিতব্য হজের প্রথম ফ্লাইট নিয়ে ছেড়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের স্টেশন ম্যানাজার আব্দুস সাত্তার। তিনি জানান, আজ সকাল সোয়া ১০টায় হজের প্রথম ফ্লাইটটি ছেড়ে গেছে এবং আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট ছেড়ে যাবে।

বাংলাদেশ থেকে এবার হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।

এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার মানুষ হজে যাবেন, এর মধ্যে বিমান ৩০ হাজার হজযাত্রী পরিবহন করবে। সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইটসহ এবছর প্রি হজে মোট ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের অর্থ পরিদপ্তরের পরিচালক ও উপসচিব জনাব মো. নওসাদ হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আবদুল গণি, হাব-এর সিলেট জোনের সভাপতি জহিরুল কবির চৌধুরী এবং আটাব-এর সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান, সিভিল এভিয়েশন, হাব, আটাব-এর প্রতিনিধিসহ সিলেটের স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা সিলেট ওসমানী  আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হজযাত্রী ও দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে হজযাত্রীদেরকে জেদ্দার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

 

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)