বিমানবন্দর স্টেশনে ৪ দিন থামবে না যেসব ট্রেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ৭টি ট্রেন চারদিন যাত্রাবিরতি করবে না। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ও ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ফেসবুক পেজে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ফেসবুক পেজ থেকে জানা যায়, আগামী ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৬), কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮), দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮), একতা এক্সপ্রেস (৭০৬), পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪), লালমনি এক্সপ্রেস (৭৫২) ও রংপুর এক্সপ্রেস (৭৭২) ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে না।
রেলওয়ে সূত্র জানায়, ঈদে পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের চাপ থাকে প্রচুর। বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই ঐ ট্রেনগুলোর যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//



