ফেসবুকে যুক্ত হচ্ছে ডিসকর্ডের গুরুত্বপূর্ণ ফিচার
বিনিয়োগবার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে অডিও কলিং অ্যাপ ডিসকর্ডের গুরুত্বপূর্ণ একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। এর মাধ্যমে ফেসবুক গ্রুপের কমিউনিটিগুলোর মধ্যে যোগাযোগ আরো বাড়াবে। খবর টেকরাডার।
যেসব ফিচার যুক্ত করা হবে সেগুলোর মধ্যে ডিসকর্ডের ভয়েস, ভিডিও ও টেক্সট চ্যাট অপশন থাকবে। ঘোষণা অনুযায়ী অ্যাডমিনরা শিগগিরই তাদের গ্রুপে চ্যানেল তৈরি করতে পারবেন। যেখানে ব্যবহারকারীরা আরো গুরুত্বপূর্ণ ও ছোট বিষয়ে গভীর আলোচনায় যুক্ত হতে পারবেন। পাশাপাশি একই মতাদর্শের ব্যক্তিদের নিয়ে তাদের কমিউনিটিকে শক্তিশালী করতে পারবেন।
নতুন ফিচারের মাধ্যমে ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও সদস্যরা ডিসকর্ডের মতো যেকোনো মুহূর্তে কমিউনিটি অডিও চ্যানেল ব্যবহার করতে পারবেন। যারা মাইক্রোফোনের মাধ্যমে কথা বলার বিষয়ে আগ্রহী নন, তারা গতানুগতিক ধারায় টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যেতে পারবেন। রিয়েলটাইম অডিও ও চ্যাটিং চ্যানেল ছাড়াও ফেসবুক গ্রুপগুলোয় কমিউনিটি ফিড চ্যানেলের সুবিধাও যুক্ত করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাডমিন নির্ধারিত বিষয়ের পোস্টে কমেন্ট করতে পারবেন।
বিনিয়োগবার্তা/এসএল//



