ঈদুল আজহা ১০ জুলাই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ১০ জুলাই (রোববার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়ে নিশ্চত হওয়া যায়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
বুধবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ৮ তারিখে হজ অনুষ্ঠিত হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



