tik

মার্কিন ডাটা ওরাকলে চীনকে তথ্য না দেয়ার দাবি টিকটকের

বিনিয়োগবার্তা ডেস্ক: প্লাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবি টিকটকের। একই সঙ্গে তারা মার্কিন ব্যবহারকারীদের আশ্বস্ত করে জানায়, তাদের ডাটা ওরাকলের সার্ভারে সরিয়ে নেয়া হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির কাছে মার্কিন ব্যবহারকারীর উপাত্ত চলে যাচ্ছে—সাম্প্রতিক এমন অভিযোগের জবাবে এ তথ্য জানায় বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। খবর টেক টাইমস।

মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে এক বিবৃতিতে টিকটক জানায়, আমরা চীনা পার্টিকে মার্কিন ব্যবহারকারীর ডাটা সরবরাহ করিনি বা অনুরোধ করা হলেও আমরা তা করতাম না।

সিনেটরদের কাছে পাঠানো চিঠিতে টিকটক সিইও শু ঝি জানান, ব্যবহারকারীর ডাটা নিরাপত্তা জোরদারে ওরাকল করপোরেশনের সঙ্গে কাজ করছে ভিডিও শেয়ারিং অ্যাপটি।

টিকটক চলতি সপ্তাহে মার্কিন সিনেটরদের আশ্বস্ত করেছে যে, এটি যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর ডাটা অ্যাকসেস সীমিত করার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এমনকি বাইটড্যান্সের কর্মীরাও এ ডাটার অ্যাকসেস পাবেন না।

ডাটা স্টোরেজ এবং অ্যাকসেস নীতি নিয়ে নয়জন রিপাবলিকান সিনেটরের প্রশ্নের লিখিত জবাব দিয়েছে টিকটক। চিঠিটি প্রাথমিকভাবে নিউইয়র্ক টাইমসে প্রকাশ হয়। পরে চিঠির বিষয়বস্তু নিশ্চিত করে ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠানটি।

মার্কিন কর্তৃপক্ষের অনুসন্ধানের জবাবে টিকটক আরো আশ্বাস দেয় যে, তার সব মার্কিন ব্যবহারকারীর ডাটা মার্কিন কোম্পানি ওরাকলের পরিচালিত সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে।

সংস্থাটি সিনেটরদের কাছে পুনর্ব্যক্ত করেছে যে, চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) কখনো আমেরিকান ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য চায়নি। তারা জানায়, আমরা সিসিপিকে মার্কিন গ্রাহকের তথ্য সরবরাহ করিনি, অনুরোধ করলেও আমরা তা করতাম না।

টিকটক কর্মকর্তারা আরো জানান, বাইটড্যান্স ইঞ্জিনিয়াররা প্লাটফর্মের অ্যালগরিদমগুলোয় কাজ করতে পারেন। নতুন প্রটোকল নিশ্চিত করে তারা শুধু ওরাকলের কম্পিউটিং নেটওয়ার্ক থেকে ডাটা বের না করেই কাজ চালাতে পারেন।

সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে টিকটক। বিশ্বে এর সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিদেশী বিনিয়োগসংক্রান্ত কমিটি পর্যালোচনার আওতায় রয়েছে প্লাটফর্মটি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্লাটফর্মের ডাটা সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এজন্য কোনো মার্কিন কোম্পানির কাছে প্লাটফর্মটি বিক্রির আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে পরিষেবাটি সম্পূর্ণরূপে নিষিদ্ধের জন্য নির্বাহী আদেশও জারি করেছিলেন ট্রাম্প।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)