WhatsApp Image 2022-07-04 at 7

আমদানিকৃত কাঁচামাল দ্রুত খালাসীকরণের ব্যবস্থা নেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: কাষ্টমস এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে গ্রিন চ্যানেল দিয়ে পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামালের দ্রুততর সময়ে খালাস নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে পোশাক রপ্তানিকারকদের সেলফ-ক্লিয়ারেন্স লাইসেন্স (self-clearance licence)  প্রদানের জন্যও অনুরোধ জানান, যাতে করে তারা বন্দর থেকে আমদানিকৃত কাঁচামাল দ্রুততার সাথে খালাস করতে পারেন।

সোমবার (০৪ জুলাই ২০২২) ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে সংষ্থাটির চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান তিনি।

সভায় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর চেয়ারম্যান শামস মাহমুদও উপস্থিত ছিলেন।

আলোচনায় বিজিএমইএ নেতারা বৈশ্বিক বাজারে রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে শিল্পের ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজতর করার উপর গুরুত্ব প্রদান করেন।

তারা পোশাক শিল্পের প্রবৃদ্ধি তরান্বিত করতে ব্যবসায়িক প্রক্রিয়াগুলো থেকে শুল্ক ও বন্ড সংক্রান্ত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন,  ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণ করা হলে শিল্পে লিড টাইম কমে যাবে, এতে করে বাংলাদেশের  পোশাক শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে।

তিনি আরও বলেন, এটি পোশাক শিল্পের সামনে যে নতুন সুযোগগুলো রয়েছে, সেগুলোকে কাজে লাগানোর পথও প্রশস্ত করবে।

জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান আবু হেনা  মোঃ রহমাতুল মুনিম বাংলাদেশের রপ্তানি আয়ে অসামান্য অবদান রাখার জন্য পোশাক শিল্পকে অভিনন্দন জানান। উল্লেখ্য যে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি ৫২.০৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যেখানে পোশাক শিল্প এককভাবে ৪২.৬১  বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। 

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনের পরের বছর বাংলাদেশের জন্য এটি বড় অর্জন এবং মাইলফলক।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)