BPA_6489

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক অনুষ্ঠিত

অতি দরিদ্রদের জন্য ১০ টাকা দরে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পর্যায়ে অতি দরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০/- টাকা হারে বিতরণের কার্যক্রম অব্যাহত আছে। ২০২১-২২ অর্থবছরে সেপ্টেম্বর হতে এপ্রিল পর্যন্ত ৭,৫০,০৩৭ মে.টন চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়িয়ে ৫০ লক্ষ হতে ৫০,১০,৫০৯ এ উন্নীত করা হয়েছে। 

একাদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠকে এসব কথা জানানো হয়।

একাদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এই বৈঠক মঙ্গলবার কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ এবং মোঃ আয়েন উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ করা এবং বাজার মূল্য  কমিয়ে সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। দেশে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। 

বৈঠকে জানানো হয় যে, জেলা ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৮৩,১৫,১০০/- টাকা জরিমানা করা হয়েছে। 

দেশের খাদ্য ঘাটতি পুরণের উদ্দেশ্যে জুন/২০২২ পর্যন্ত ১২ লক্ষ ১০ হাজার মে.টনের অধিক গুদামজাত করা হয়েছে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার ও দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক মানের সাইলো নির্মানের কাজ অব্যাহত আছে। খাদ্য মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় সিসি ক্যামেরা, সোলার প্যানেল এবং আনুষঙ্গিক সুবিধাদি স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।  

বৈঠকে বাজার মনিটরিং এর কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে খাদ্য দ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য সকলের সহায়তা কামনা করা হয়। 

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাসচিব মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)