নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপ আগামী ১৭ই জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩১শে জুলাই পর্যন্ত চলবে।
বুধবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনার বলেন, আগামী ১৭ই জুলাই থেকে সকাল-বিকাল রাজনৈতিক দলগুলো সঙ্গে নির্বাচনী সংলাপ করা হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে ইভিএম যাচাই-বাছাই করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে ২৮টির রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে সেখানে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিসহ ১১টি রাজনৈতিক দল ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।
এরপর গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের আয়োজন করে বর্তমান নির্বাচন কমিশন। এক্ষেত্রে শিক্ষাবিদ, বিশিষ্টজনদের, সাংবাদিক, পর্যবেক্ষকদের পরামর্শ নেয় তারা। এরপর ইভিএম যাচাই করতে দেশসেরা প্রযুক্তিবিদ, রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানায়। এরই ধারাবাহিকতায় এবার দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করতে যাচ্ছে ইসি।
বিনিয়োগবার্তা/এসএএম//



