নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২,১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারী করায় সংসদীয় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৬তম বৈঠকে।
একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির এই বৈঠক বুধবার কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোঃ মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত এবং একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির, প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের বর্তমান অবস্থা এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত সম্পন্নসহ নির্মাণাধীন/মেরামতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের কাজ তদারকি করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়কে এ বিষয়ে মনিটরিং এর কার্যক্রম জোরদার করার জন্য সুপারিশ করে।
বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে সংসদ-সদস্যগণকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে হাইকোর্ট কর্তৃক যে রুল জারী করা হয়েছে, সেই রুলের বিরুদ্ধে দায়েরকৃত আপীল দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবদ্বয়, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব, মহাপরিচালক, বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



