সাইবারবুলিং দমনে জাপানে নতুন আইন কার্যকর
বিনিয়োগবার্তা ডেস্ক: সাইবারবুলিং বা অনলাইনে অবমাননাকর বক্তব্য প্রদান বন্ধে নতুন আইন কার্যকর করেছে জাপান। এ আইনের অধীনে বুলিংয়ে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হবে। খবর ইটিটেলিকম।
অনলাইনে বুলিংয়ের শিকার হওয়ার পর জাপানে একজন রিয়েলিটি টিভি স্টার আত্মহত্যা করেন। এর পর পরই কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়। ২০২০ সালে গোলাপি চুলের পেশাদার কুস্তিগীরের মৃত্যুর পর অনলাইনে হয়রানিমূলক বক্তব্য বন্ধে ও কঠোর আইন প্রয়োগের দাবি ওঠে।
২২ বছর বয়সী ওই কুস্তিগীর নেটফ্লিক্সের অন্যতম বিখ্যাত অনুষ্ঠান টেরেস হাউজের জনপ্রিয় মুখ ছিলেন। শো এর কমেন্টে বলা হয়, এ সিরিজে তিনি চলে গেলেই সবাই খুশি হবে।
কুস্তিগীর ও রিয়েলিটি টিভি শোর চরিত্র কিমুরার মায়ের প্রচারণার পরিপ্রেক্ষিতে সাইবারবুলিংয়ের আইনে পরিবর্তন আনা হয়। বর্তমানে বুলিংয়ে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণ হলে ৩ লাখ ইয়েন বা ২ হাজার ২০০ ডলার জরিমানা অথবা এক বছর কারাবাস করতে হবে। যেখানে আগে ১০ হাজার ইয়েন বা ৩০ দিন জেলে থাকতে হতো।
বিনিয়োগবার্তা/এসএল//



