ডিজিটাল হাটে ৭৩০ কোটি টাকার পশু বিক্রি
নিজস্ব প্রতিবেদক: অনলাইন প্ল্যাটফর্ম ‘ডিজিটাল পশুর হাট’-এ মোট ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এ প্ল্যাটফর্মে আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়।
সোমবার এটুআই-এর কমিউকেশনস অ্যান্ড আউটরিচ কনসালট্যান্ট আদনান ফয়সাল জানান, ৯ জুলাই পর্যন্ত ডিজিটাল হাটের ওয়েবসাইটে ২১ লাখ ৬ হাজার ৮৪২টি হিট পড়েছে। আঞ্চলিক হাটের ৫৮৭ কোটি ও খামারিদের ১৪৩ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। সবমিলে ডিজিটাল হাটে ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর দেশে এক কোটিরও বেশি কোরবানির পশু কেনাবেচা হয়ে থাকে। জনসমাগম ও ভোগান্তি কমাতে ২০২০ সালে প্রথমবারের মতো অনলাইনে (ডিজিটাল পশুর হাট) কোরবানির পশু কেনাবেচা শুরু হয়।
ঘরে বসে নিজেদের পছন্দের কোরবানির পশু কেনার সুযোগ করে দিতে চলতি বছর আরো বড় পরিসরে digitalhaat.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
ডিজিটাল হাটে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষ ক্যাটাগরিতে দেশের ৯৫০টিরও অধিক হাটকে যুক্ত করা হয়। বিভিন্ন এলাকার ৭০টি খামারও যুক্ত করা হয়।
এর আগে, এ হাটের মাধ্যমে ২০২০ সালে ২৭ হাজার এবং ২০২১ সালে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির পশু বিক্রি হয়।
বিনিয়োগবার্তা/এসএল//



