Speaker22

শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুকৌশলী নেতৃত্বে সারা দেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নেও উন্নয়ন কার্যক্রম চলমান। করোনাকালীন অভিঘাতেও তা একমুহূর্তের জন্য স্থবির হয়নি। 

গতকাল রংপুরের চৈত্রকোল ইউনিয়নের সাধক কবি কাজী হায়াৎ মামুদ মাজার প্রাঙ্গণে ১নং চৈত্রকোল ও ২নং ভেণ্ডাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর ১নং চৈত্রকোল ও ২নং ভেণ্ডাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে ১১টি করে মোট ২২টি সেলাই মেশিন, ১০টি করে মোট ২০টি স্প্রে মেশিন, ১০টি করে মোট ২০টি হুইল চেয়ার এবং ৫০টি করে মোট ১০০টি বাইসাইকেল বিতরণ করা হয়।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে ভেণ্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান শাহ বক্তব্য রাখেন। 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা প্রশাসক আসিফ আহসান, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)