ডিএসসিসি

এডিস মশার উৎসস্থল নিধনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ চালু

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার উৎসস্থল নিধনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

রোববার সকালে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ কার্যক্রমের উদ্বোধন করে মেয়র বলেন, প্রত্যেকটি রোগীর ঠিকানা চিহ্নিত করে সেই বাসাবাড়ি এবং স্থাপনার উপর থেকে নিচ পর্যন্ত কোথাও যদি পানির উৎস, এডিস মশার উৎস থাকে সেটা নির্মূল করতে হবে। সেই এলাকা সকালবেলা লার্ভিসাইডিং করা এবং বিকেল আবার সেই এলাকাটা যথাযথভাবে ফগিং (এডাল্টিসাইডিং) করে সম্পূর্ণভাবে মশক বিস্তার নির্মূল এবং নিয়ন্ত্রণ করা হবে।  আগামী দুই মাস এ কার্যক্রম চলবে।

ডেঙ্গু রোগ ও এডিস মশার বিস্তার প্রতিরোধ করার জন্য আজ থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে জানিয়ে মেয়র বলেন, এর মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করা হবে। এ কাজে প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মশক সুপারভাইজার ও মশক কর্মীরা নিয়োজিত রয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএসসিসির সূত্রে জানা গিয়েছে, এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানতে ডিএসসিসির পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নগরবাসী ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে এডিস মশার উৎসস্থল সম্পর্কে তথ্য বা অভিযোগ জানাতে পারবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)