মামলা শুরুর সময় পেছাতে মাস্কের আবেদন
বিনিয়োগবার্তা ডেস্ক: ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কিনে নেয়ার চুক্তি থেকে সরে এসেছেন ইলোন মাস্ক। এরপর মামলা করে টুইটার এবং দ্রুত নিষ্পত্তির আবেদন জানায়। টুইটারের এ আবেদনের বিপরীতে আদালতে আবেদন করেছেন মার্কিন এ ধনকুবের ও টেসলা প্রধান। খবর সিএনবিসি।
মাস্কের আইনজীবীরা আগামী বছর পর্যন্ত বিচার প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানান। এর আগে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে মার্কিন গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেয়ার বিষয়ে একটি চুক্তি প্রক্রিয়াধীন ছিল। এ নিয়ে বিতর্কও তুঙ্গে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় আলোচনার শীর্ষে স্থান পায় টুইটার ক্রয়ের খবর।
সব ধরনের বিতর্কের অবসান ঘটিয়ে চুক্তি থেকে সরে আসার পরিকল্পনা জানিয়েছেন ইলোন। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয় টুইটার। অকস্মাৎ মাস্কের চুক্তি থেকে সরে আসার ঘটনাকে বিশ্বাসঘাতকতার অপবাদ দেয় প্রতিষ্ঠানটি।
বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইলোন মাস্ক আরো কিছু সময় চেয়েছেন। মাস্কের পক্ষ থেকে তার আইনজীবী জানান, মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যে এ ধরনের একটি জটিল বিষয়ের মামলা কাজ সম্পন্ন করা সম্ভব নয়। বরং সেটাই হবে অস্বাভাবিক। মামলার কাজ ২০২৩ সালের ফেব্রুয়ারি নাগাদ শুরু হলে উভয় পক্ষ লাভবান হবে।
বিনিয়োগবার্তা/এসএল//



