WhatsApp Image 2022-07-18 at 5

এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখবে অষ্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: এলডিসি ক্যাটাগরি থেকে  উত্তোরণের পরও অষ্ট্রেলিয়া তার শুল্কমুক্ত বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার অব্যাহত রাখবে।

রোববার (১৭ জুলাই ২০২২) ঢাকায় অষ্ট্রেলিয়া হাইকমিশনে, হাইকমিশনার জেরেমি ব্রুয়ার (Jeremy Bruer) এর সঙ্গে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সৌজন্য সাক্ষাৎকালে হাইকমিশনার অষ্ট্রেলিয়া সরকারের উপরোক্ত সিদ্ধান্তটি বিজিএমইএ সভাপতিকে অবহিত করেন।

এ সময় বিজিএমইএ সভাপতির সঙ্গে ছিলেন বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি মিরান আলী,  পরিচালক আসিফ আশরাফ, পরিচালক ব্যারিষ্টার ভিদিয়া অমৃত খান এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর চেয়ারম্যান শামস মাহমুদ। 

বৈঠকে ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (কমার্শিয়াল এন্ড ইকোনমিক ডিপ্লোমেসী) ডানকান ম্যাক কুলাফ (Duncan Mc Cullough) উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের জন্য অষ্ট্রেলিয়ার শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখার বিষয়ে অষ্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন  এই সিদ্ধান্ত এলডিসি গ্র্যাজুয়েশনের পরও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে বাংলাদেশকে সাহায্য করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশের উন্নয়নে অষ্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ন সমর্থন ও সহযোগিতা প্রদান আগামি বছরগুলোতেও অব্যাহত থাকবে।

বৈঠকে তারা বিভিন্ন বিষয়, বিশেষ করে অষ্ট্রেলিয়া ও  বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাব্য  ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

তারা অভিমত প্রকাশ করে বলেন, সহযোগিতা প্রদানের মাধ্যমে উভয় দেশের সামনে দ্বিপাক্ষিক বাণিজ্যের সুফল লাভ করার বিশাল সুযোগ রয়েছে। 

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক ও টেক্সটাইল শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অষ্ট্রেলিয়া থেকে আরও তুলা ও উল আমদানিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

তারা অষ্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও ফ্যাশন ইনষ্টিটিউটগুলোর সহযোগিতার মাধ্যমে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ও টেকনোলজী (বিইউএফটি) এর শির্ক্ষাথীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে অষ্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)