BPA_6542

পূর্বাচলে জমি বরাদ্দের জন্য রাজউকে প্রস্তাব সংসদীয় স্থায়ী কমিটির

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিল্পীদের থাকার লক্ষ্যে একটি আধুনিক ডরমেটরি ভবন নির্মাণ এবং অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য পূর্বাচলে ১০(দশ) একর জমি বরাদ্দের জন্য একটি প্রস্তাব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিকট প্রেরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 

একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠক মঙ্গলবার কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন এবং সেলিনা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে বিগত ২৫তম এবং ২৬তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ পর্যালোচনা করা হয়। এছাড়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক জিঞ্জিরা প্রাসাদ সংক্রান্ত স্থানীয় সংসদ-সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রেকর্ডীয় মালিকগণ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে অংশীজন সভা আয়োজনের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে পরবর্তী সভায় অবহিতকরণের বিষয়ে সময় বর্ধিত করা হয়।
    
বৈঠকে মৌলভীবাজার মনিপুরী ললিতকলা একাডেমির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সুবিধাজনক সময়ে স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
    
বৈঠকে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কর্তৃক খননকাজের একটি কর্ম পরিকল্পনা পর্যায়ক্রমিকভাবে তৈরিপূর্বক মন্ত্রণালয়কে অবহিতকরণ এবং দেশব্যাপী ৫২২টি প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে খননযোগ্য এবং পর্যটককে আকৃষ্ট করতে সক্ষম বিবেচনায় একটি প্রকল্প তৈরিপূর্বক পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে। 
    
এছাড়া, যে সকল জেলায় শিল্পকলা একাডেমির শিল্পী সমিতি সময়োত্তীর্ণ হয়েছে সেসকল জেলায় এডহক কমিটি গঠনের লক্ষ্যে জেলা প্রশাসকগণকে ০৫ (পাঁচ) জন শিল্পী সদস্যের নাম প্রেরণের জন্য পত্র দেয়ার নিমিত্ত কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিনিধি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)