ভারতের পাইকারি বাজারে সর্বোচ্চ মূল্যস্ফীতি

মূল্যস্ফীতির হার ৭.৫ শতাংশ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: সরকারের নানা উদ্যোগেও বাজারদরের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় অস্থিরতা বিশ্ববাজারে। এরই জের ধরে গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ৭.৫ শতাংশ ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গতকাল প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশে, যা নয় বছরে সর্বোচ্চে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এর আগে মে মাসে ৭ দশমিক ৪২ শতাংশে উঠেছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ সূচক। জুনে তা আরো দশমিক ১৪ শতাংশ পয়েন্ট বেড়ে ৭ দশমিক ৫৬ শতাংশে উঠেছে। অর্থাৎ গত বছরের জুনে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিল, এ বছরের একই সময়ে তা কিনতে খরচ করতে হয়েছে ১০৭ টাকা ৫৬ পয়সা। বিবিএসের তথ্য বলছে, সর্বশেষ ২০১৩ সালের জুলাইয়ে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৮৫ শতাংশে উঠেছিল। এর পরের সময়টায় তা সাড়ে ৭ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

বিবিএসের প্রতিবেদনে দেখা গিয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া বিদায়ী ২০২১-২২ অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১৫ শতাংশ, যা লক্ষ্যের চেয়ে দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট বেশি। গত অর্থবছরে তা ৫ দশমিক ৩০ শতাংশে আটকে রাখার লক্ষ্য ছিল সরকারের। এর আগে ২০২০-২১ অর্থবছরেও মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রায় আটকে রাখা যায়নি। ওই সময় এ লক্ষ্য ধরা হয়েছিল ৫ দশমিক ৪ শতাংশ। কিন্তু অর্থবছর শেষ হয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে। সে অনুযায়ী, গত দুই অর্থবছরেই মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রার মধ্যে আটকে রাখা যায়নি। ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছে সরকার।

মূলত চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি থেকে শুরু করে মাছ-মুরগিসহ সব ধরনের প্রয়োজনীয় খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে জুনে মূল্যস্ফীতি নয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিএস। গত মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ। আগের মাসে তা ছিল ৮ দশমিক ৩০ শতাংশ। এ সময় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৬ দশমিক শূন্য ৮ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য ঘেঁটে দেখা যায়, নয় বছর আগে ২০১১-১২ অর্থবছর শেষে সার্বিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৬৯ শতাংশ। ওই বছরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ৭ দশমিক ৭৩ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২১ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৭৮ শতাংশে নেমে আসে। ওই বছরে খাদ্য মূল্যস্ফীতি হয় ৫ দশমিক ২২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ১৭ শতাংশ। এর পর থেকে মূল্যস্ফীতির হার নিম্নমুখীই ছিল।

২০২১-২২ অর্থবছরে টানা ছয় মাস বাড়ার পর জানুয়ারিতে এ সূচক কিছুটা কমেছিল। ফেব্রুয়ারি থেকে তা আবার বাড়ছে। বিবিএসের তথ্যে দেখা যায়, দেড় বছর পর গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতি ৬ শতাংশের ঘর অতিক্রম করে ৬ দশমিক শূন্য ৫ শতাংশে ওঠে। তবে চলতি বছরের জানুয়ারিতে তা আবার কমে ৫ দশমিক ৮৬ শতাংশে নেমে আসে। এর পর থেকে প্রতি মাসেই তা ক্রমাগত বেড়েছে। ২০২১ সালের জুনে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। এর পর থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচেই অবস্থান করছিল।

বিশ্ববাজারে এখন জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়ছে। তার প্রভাব পড়েছে ছোট-বড় সব দেশে। বিশ্বব্যাংক-আইএমএফ, এডিবিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, বৈশ্বিক মূল্যস্ফীতি আরো বাড়বে। বাংলাদেশেও এখন এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, সরকারের মূল্যস্ফীতির তথ্য নিয়ে প্রশ্ন আছে। আর প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। কেননা, বাজারের পণ্যমূল্যের সঙ্গে বিবিএসের তথ্যে মিল খুঁজে পাওয়া যায় না। তার পরও বিবিএসের তথ্যকে যদি মেনেও নিই, তাহলেও বলতে হয় আমরা একটা উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছি।

এ অর্থনীতিবিদ বলেন, কয়েক মাস ধরেই কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। এতে বৈশ্বিক বাজারেরও একটা প্রভাব আছে। বিশ্ববাজারে সব জিনিসের দামই বেশ বেড়েছে। কিন্তু সারা বিশ্ব এটিকে যেভাবে মোকাবেলা করছে, বাংলাদেশ সেভাবে করছে না। এটাই হচ্ছে বড় সমস্যা।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত কয়েক মাসের মতো জুনেও শহরের চেয়ে গ্রামে বেশি মূল্যস্ফীতি হয়েছে। জুনে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক শূন্য ৯ শতাংশে উঠেছে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ। অর্থাৎ এ সময় শহরের চেয়ে গ্রাম এলাকায় পণ্যমূল্য ও অন্যান্য সেবার দাম বেড়েছে বেশি। জুনে শহরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। মে মাসে এর হার ছিল ৬ দশমিক ৪৯ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, শহরের চেয়ে গ্রামে খাবারের দাম বেশি। জুনে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের কাছাকাছি — ৮ দশমিক ৯৩ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ, যা মে মাসে ছিল ৬ দশমিক ৪৯ শতাংশ। জুনে শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূন্য ৮ শতাংশ।

শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আহসান এইচ মনসুর বলেন, এ মূল্যস্ফীতি আমদানিনির্ভর। আমদানীকৃত পণ্যের দাম শহরে তুলনামূলক কম হয়। কারণ এসব পণ্য গ্রামে পৌঁছাতে ব্যয় বেশি হয়। তাই গ্রামে মূল্যস্ফীতি বেশি। তবে এক্ষেত্রে গ্রাম বা শহর কোনো বিষয় নয়, সবার জন্যই তা ভোগান্তির।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)