ক্লাস রুটিনে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের শারীরিক শিক্ষার ক্লাস নেওয়ার পাশাপাশি ক্লাস রুটিনে খেলাধুলা (ইনডোর/আউটডোর) যুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (২০ জুলাই) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. আক্তারুজ্জামান ভূঞার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়।
ঐ অফিস আদেশে বলা হয়েছে, প্রতিদিন প্রাত্যহিক সমাবেশসহ রুটিন অনুযায়ী শারীরিক শিক্ষার ক্লাসের পাশাপাশি খেলাধুলায় (ইনডোর/আউটডোর) সরাসরি প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ করতে হবে। প্রতিদিনের ক্রীড়া বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে।
আদেশটিতে আরো বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা শারীরিক শিক্ষার শিক্ষকদের নিজ বিষয়ের সব দায়িত্ব পালনে বাধ্য করবেন। প্রতিটি প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকদের সমন্বয়ে ক্রীড়া ফান্ডের জন্য ব্যাংকে আলাদা হিসাব থাকতে হবে। এই ফন্ডের টাকা থেকে বাৎসরিক ক্রীড়া কার্যক্রম পরিচালনাসহ প্রতিষ্ঠানের ক্রীড়া উন্নয়নে অর্থ ব্যয় করতে পারবে।
ক্রীড়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ওয়েবসাইটের ‘অভিযোগ বক্স’ মেনুতে অভিযোগ আকার চিঠি দেওয়ার বিষয়টিও ঐ অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//



