ঋণ নিয়ে মিথ্যা তথ্য দিলে গুনতে হবে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: বকেয়া ঋণের বিষয়ে মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি এর সঙ্গে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও জরিমানা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিড ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) জারি করা এক নির্দেশনায় এসব কথা বলা হয়।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট অন্য কোন প্রতিষ্ঠান সিআইবিতে বকেয়া ঋণের মিথ্যা বা ভুল তথ্য দিলে কমপক্ষে ৫০ হাজার এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করবে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া সিআইবিতে যথাসময়ে ঋণের তথ্য না দিলেও জরিমানা করা হবে। আর তথ্য গোপন করার ক্ষেত্রেও জরিমানা প্রযোজ্য হবে। তবে জরিমানা করার আগে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে তথ্যের বিষয়ে জবাব চাওয়ার কথা বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে জরিমানা করা হবে এবং তা সাত দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে।
কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তা কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে কেটে নেয়া হবে। এছাড়া প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ আদায় করতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিনিয়োগবার্তা/এসএল//



