‘মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে আপস করা যাবে না’
নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। বাংলাদেশের গণমাধ্যম থাকবে মহান মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশের জাতির জনকের পক্ষে। মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কখনো আপস করা যাবে না। কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাবে বাংলাদেশ প্রতিদিন-সনি রাংগস লিমিটেড টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ এবং বাংলাদেশ প্রতিদিন-রাসেল ইন্ডাস্ট্রিজ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ কুইজ রাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। করোনাকালে সাংবাদিকরা ব্যাপক ভূমিকা রেখেছেন। এ কারণে তাদের উৎসাহিত করতে প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আপনারা (সাংবাদিকরা) নানা মতাদর্শের হতে পারেন, তবে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস করবেন না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তিযুদ্ধ, এটি হলো আমাদের অহংকার। বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যায় না। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, এবং রাসেল ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল বাশার ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং রাংগস ইলেক্ট্রনিক্সের ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল ইসহাক, ওসমান গনি, ইরতেজা বিন আমিন, মো. শফিকুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মিন্টু পাল, গোলাম মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ মামুন রানা।
বিনিয়োগবার্তা/এসএল//



