রাজধানীতে এক সেমিনারে বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশে বিনিয়োগে কোনো ঝুঁকি নেই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে ব্লুমবার্গ। তাই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ব্র্যান্ডিং চালু আছে। আমাদের প্রতিভা আছে এবং আমাদের জন্য বিনিয়োগ অপেক্ষা করছে।
সোমবার (২৫ জুলাই) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সেলিব্রেটি হলে ‘জাতীয় ব্র্যান্ডিং: বিশ্বব্যাপী ন
তুন প্রতিভা এবং বিনিয়োগ আকর্ষণ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্লুমবার্গ এলপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
আর এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার Robert Chatterton Dickson।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্লুমবার্গ মিডিয়া এলপির এপিসিএ মিডিয়া সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুনিতা রাজন। আর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্লুমবার্গের আঞ্চলিক কৌশলের প্রধান অ্যান্ড্রু বগস।
সেমিনারে সালমান এফ রহমান বলেন, মুদ্রাস্ফীতি ও ডলারের দাম ওঠানামা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দাম কমে আসবে। সেইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমবে। আর এতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্তিম বন্ধু। দুই দেশের বন্ধুত্বের ইতিহাস অনেক পুরোনো। এসময় বাংলাদেশের অগ্রযাত্রায় ব্রিটিশদের অংশগ্রহণ চলমান থাকবে বলে জানান।
সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বর্তমানে আমরা সারা বিশ্বে কিছুটা অস্থিরতা প্রত্যক্ষ করছি। এখন বিশ্বজুড়ে যা কিছু ঘটছে, তা-ই বাংলাদেশে প্রভাব ফেলছে। আসলে, আমরা আগে ভুল পথে ছিলাম। এখন আমরা সঠিক পথে আছি। আমরা এখন বিশ্বের সব কিছুর সঙ্গে এতটাই সংযুক্ত যে, যা কিছু ঘটেছে তার প্রভাব আমাদেরও স্পর্শ করছে।
বিশ্বের অন্যান্য অনেক দেশে সাপ্লাই চেইনে বিপর্যয় দেখা দিয়েছে। আর জ্বালানি ও বিদ্যুতের সাপ্লাই চেইনে বিপর্যয় বিশ্বজুড়ে গুরুতর সমস্যা তৈরি করেছে। যুক্তরাজ্য-আমেরিকা থেকে শুরু করে সবাই কিছুটা সমস্যায় পড়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদনে নয়, শিল্প উৎপাদনের ব্যবস্থাপনার ক্ষেত্রেও এ সমস্যা বিরজমান। তাই সবকিছুরই দাম, মুদ্রাস্ফীতির ওপর প্রভাব পড়ছে। এটি বিশ্বের একক অর্থনীতির সবকিছুকে বাধাগ্রস্ত করছে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের আগের খারাপ সময় কেটে গেছে। আমরা এখন অনেক এগিয়ে আছি। দুই বছর আগে বাংলাদেশ ব্র্যান্ডিং শুরু করেছিল এখন তা একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। এজন্যই ব্লুমবার্গ আমাদের সঙ্গে কাজ করছে। আজ অ্যান্ড্রু বগসের প্রেজেন্টেশন দেখেছি। তিনি বাংলাদেশে যেসব ভালো জিনিস দেখেছেন তা স্পষ্টভাবে বলেছেন। পাশাপাশি জরিপের ফলাফল কি তাও তিনি জানিয়েছেন। আর মিসেস সুনিতা বাংলাদেশে যা পর্যবেক্ষণ করেছেন তা বলেছেন এবং কেন তারা এখন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে সেটাও জানিয়েছেন। এতসব চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সোনার বাংলা বিশ্বের অন্যতম সেরা কাজ করছে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



