monglabondor

পদ্মাসেতু হয়ে পোল্যান্ড গেল গার্মেন্টস পণ্য

নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতুর কল্যাণে গার্মেন্টস পণ্য মোংলা বন্দর দিয়ে বিদেশে রফতানি শুরু হয়েছে। সেতুর চালুর পর প্রথমবারের মতো ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ২৭টি কারখানার ১৭ কন্টেইনার তৈরি পোশাক নিয়ে মোংলা বন্দর দিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিদেশি জাহাজ এমভি মার্কস নেসান।

বৃহস্পতিবার বেলা ১১টায় পোল্যান্ডের উদ্দেশ্যে পানামা পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করে।

জানা গেছে, ২৭টি গার্মেন্টস ফ্যাক্টরির ১৭ কন্টেইনার পণ্য পদ্মাসেতু হয়ে মোংলা বন্দরে আসে। সোমবার থেকে এসব পণ্য জাহাজে বোঝাই করা হয়।

রফতানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে- বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন পণ্য। এসব পণ্য নিতে বিদেশি জাহাজ মার্কস নেসনা সোমবার মোংলা বন্দর জেটিতে ভিড়েছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বৃহস্পতিবার মোংলা বন্দরের জন্য একটি স্মরণীয় দিন। কারণ প্রধানমন্ত্রীর পদ্মাসেতু উদ্বোধনের পর এই প্রথম মোংলা বন্দর দিয়ে সরাসরি গার্মেন্টস পণ্য বিদেশে রফতানি হলো।

পদ্মাসেতু চালু হওয়ায় ঢাকা থেকে দেশের সবচেয়ে কাছের বন্দর হচ্ছে মোংলা। আগামীতে এ বন্দর দিয়ে গার্মেন্টস, কন্টেইনার, গাড়ি ও জেনারেল কার্গো হ্যান্ডেলিংয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)