6da

ডলার কেনাবেচায় কারসাজি করলে লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ কথা জানান।

বৃহস্পতিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা দেখা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে। এরপর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংক যে দরে ডলার বিক্রি করছে, ব্যাংকগুলো গ্রাহকদের কাছে তার চেয়ে ১০ টাকারও বেশি দরে বিক্রি করছে। আর খোলাবাজারে ডলার রেকর্ড দামে ১১২ টাকায় বিক্রি হয়েছে। এমনকি ব্যাংকগুলোও ১০৫ থেকে ১০৮ টাকা দরে গ্রাহকদের কাছে বিক্রি করছে।

সিরাজুল ইসলাম বলেন, ডলারের দামে এ অস্থিরতা ঠেকাতে উদ্যোগ নিতে গভর্নরকে অনুরোধ করেছেন এফবিসিসিআই’র প্রধান। এরই পরিপ্রেক্ষিতে ডলারের দাম চড়া করে যেসব মানিচেঞ্জার ও ব্যাংকগুলো মুনাফা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ কাজে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। জড়িতদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)