f7baee9a2b271e8f45d0c12f433bcf67196dc98d3eba2460

অডিট-আপত্তিকৃত অর্থ আদায়ের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: অডিট-আপত্তিকৃত অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (৩১ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সম্মিলিত আশি ও একাশিতম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন।
 
বৈঠকে পূর্ত অধিদফতরের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০০৯-২০১০, ২০১০-২০১১ ও ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল’র বার্ষিক অডিট রিপোর্ট,২০১২-২০১৩ অর্থ-বছরে অন্তর্ভূক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ও ১০ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
এছাড়াও পূর্ত অডিট অধিদফতর প্রণীত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’র বার্ষিক অডিট রিপোর্ট, ২০১২-২০১৩’র অন্তভূর্ক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০ ও ১১ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির আংশিক নিষ্পন্ন ও অনিষ্পন্ন অডিট আপত্তি (অনুচ্ছেদ ১,২,৪,৫,৮,৯, ১০ ও ১১) বিষয়েও আলোচনা করা হয়। বৈঠকে উত্থাপিত এসব অডিট আপত্তি পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক আপত্তিকৃত অর্থ আদায়ের পাশপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। 

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)