BPS_5528

জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠক অনুষ্ঠিত

হতদরিদ্র ও দরিদ্র মানুষের ডাটাবেজ সর্বোচ্চ সতর্কতার সাথে তৈরির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রণালয়ের ত্রাণ সামগ্রী যথাযথভাবে বিতরণ নিশ্চিত করার জন্য হতদরিদ্র ও দরিদ্র মানুষের ডাটাবেজ তৈরির কার্যক্রমটি সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সুপারিশ করেছে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

 বুধবার একাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মজিবুর রহমান চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা; সমগ্র বাংলাদেশে বর্তমান বন্যার পরিস্থিতি,  ক্ষয়ক্ষতির পরিমান ও মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পরবর্তী কার্যক্রম, উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন সেন্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে আলোচনা করাহয়। 

উপকূলীয় অঞ্চলে বিদ্যমান ২১৯টি সাইক্লোন সেন্টার ও নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাইক্লোন সেন্টারগুলোকে ‘সাইক্লোন সেন্টার কাম স্কুল’ এর  নকশায় করা যায় কিনা বৈঠকে তা বিবেচনায় নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে ‘টিআর ও কাবিখা’ এর মাধ্যমে কাজ সম্পাদনে আবাদী জমির ক্ষতি না করে প্রয়োজনীয় বিকল্প পদ্ধতি খুঁজে বের করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫  সালের ১৫ই আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)