শেখ কামাল যুবসমাজের কাছে অনন্য অনুপ্রেরণার উৎস: আইসিটি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ কমাল দেশের যুবসমাজের কাছে এক অনন্য অনুপ্রেরণার উৎস। যার কৃতিমান পথচলা তারুণ্যের স্বপ্নযাত্রায় চিরকাল আলোক বর্তিকা হিসেবে কাজ করবে। তরুণ প্রজন্মের এই বহুমুখী প্রতিভার অধিকারী ও নির্মল তারুণ্যের অগ্রদূতকে অনুসরণ করতে হবে।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ শেখ কামালের অবদান ও স্মৃতিকে ধরে রাখতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার তৈরি করা হচ্ছে।
এ সময় পটুয়াখালী-২ আসনের এমপি আ স ম ফিরোজ, ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইমাম, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির প্রমুখ উপস্থিত ছিলেন।



