tour-min

পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের পর্যটন শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পর্যটনকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আয়োজিত সিটি ট্যুরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রতিটি জেলায় ঐতিহ্য রয়েছে। মুড়াপাড়া জমিদার বাড়ি দেশের একটি ঐতিহ্য। আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, বঙ্গবন্ধু মিউজিয়াম, পদ্মাসেতু এগুলো যেকোনো পর্যটকের কাছে ভালো লাগবে।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মের যারা দেশের বাইরে থাকেন তারা যখন জানতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন, তখন তারা গর্ববোধ করে। তারা তখন দেশে আসতে চান এসব দেখতে। আমরা যদি সবকিছু ভালোভাবে ব্র্যান্ডিং করতে পারি, তাহলে অনেক পর্যটকই আমাদের দেশে আসবে।

মাহবুব আলী বলেন, কক্সবাজারে মেরিন ড্রাইভ দিয়ে আমরা বাস চালাব, চিন্তা-ভাবনা করেছি। এরই মধ্যে সেখানে বাস চলাচল শুরু হয়েছে। পঞ্চগড়ের সৌন্দর্য এক ধরনের, সিলেটের সৌন্দর্য আরেক ধরনের। সিলেট বিমানবন্দর থেকে শহরে যাওয়ার যে রাস্তা, এটি পৃথিবীর অন্য যেকোনো শহরের চাইতে সুন্দর। বিদেশিরা সিলেটের ওই রাস্তা দিয়ে গেলে আমাদের প্রশংসা করে। সুতরাং, আমাদের চতুর্দিক থেকে কাজ শুরু করতে হবে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আসিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)