বাংলাদেশ ব্যাংক ১

অপ্রদর্শিত অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ৭ শতাংশ কর দিয়ে দেশের বাইরে থেকে অপ্রদর্শিত অর্থ ফিরিয়ে আনা যাবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অপ্রদর্শিত অর্থ ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে প্রচারে নামার নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. সারোয়ার হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বাংলাদেশের বাইরে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের ১ জুলাই হতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। আগামী বছরের (২০২৩ সালের) ৩০ জুন পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে। অর্থ আইন ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা-১৯এফ অনুসারে এ অর্থ বৈধভাবে দেশে আনা যাবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এফই সার্কুলার চিঠি নম্বর  ২৬, তারিখ: ১৮ জুলাই, ২০২২ এরইমধ্যে জারি করা হয়েছে। অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বিধান সংক্রান্ত বর্ণিত বিষয়টি শাখা পর্যায়ে বিজ্ঞপ্তি আকারে প্রদর্শনসহ গ্রাহকদের মাঝে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ জ্ঞাপন করা হল।

প্রসঙ্গত, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশ থেকে পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। তবে এ টাকা কীভাবে দেশে আনা হবে, তা নিয়ে কোনো ব্যাখ্যা ছিল না। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনায় তা স্পষ্ট হল।

 

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)