ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি: রেলমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলের ডাবল লেন চালু হবে। তিনি আরো বলেন, তেলের দাম বাড়লেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি।
মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লেনের কাজ পরিদর্শনে গিয়ে (জয়দেবপুর রেলওয়ে জংশনে) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতাদের সঙ্গে আলোচনা করে ভাড়া সমন্বয় করা হলেও তেলের দাম বৃদ্ধির কারণে ট্রেন ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল ইসলাম, ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীন ও এনডিসি মো. মাসুদুর রহমান ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
পরে ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথ ফোর লেনে উন্নীত করার কার্যক্রম শুরু হয়। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের ডাবল লেন চালু হবে।
ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ.কন কল্পতরু ওই ডাবল লাইনের কার্যক্রম বাস্তবায়ন করছে। যার ব্যয় ধার্য করা আছে প্রায় ১৩০০ কোটি টাকা।
বিনিয়োগবার্তা/এসএল//



