elon-musk-is-on-twitte

নতুন সোশ্যাল মিডিয়া খুলছেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মাইক্রো-ব্লগিং সাইট টুইটারের সঙ্গে আইনি লড়াইয়ে ধনকুবের ইলন মাস্ক। টুইটার চুক্তি প্রত্যাখ্যানের পর ইলন মাস্ককে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। আগামী অক্টোবর থেকে শুরু হবে শুনানি। তবে এর মাঝে টুইটারকে প্যাঁচে ফেলার ছক কষে ফেললেন ইলন মাস্ক।

সম্প্রতি এক ব্যবহারকারীরা টুইটারে ইলন মাস্ক-কে প্রশ্ন করেন, আপনি কি আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভেবেছেন? যদি (টুইটার) চুক্তি না হয়? এর উত্তরে ইলন মাস্ক জবাব দেন, এক্স ডট কম (X.com)। কেবল এই একটি একটি শব্দই উত্তর হিসাবে দেন ইলন মাস্ক।

তাহলে কি টুইটারকে টেক্কা দিতে এক্স ডট কম নামক নতুন কোনও সোশ্যাল মিডিয়া সাইট খুলছেন তিনি? এ ক্ষেত্রে জানিয়ে রাখি, এই এক্স ডট কম সাইট নতুন কোনো ওয়েবসাইট নয়। ১৯৯৯ সালে এই নামে একটি ডোমেইন কেনে ইলন মাস্ক; যা পরে আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা পেপালের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।

আরও এক ব্যবহারকারীরা ইলন মাস্ক-কে জিজ্ঞেস করেন, টুইটার চুক্তি যদি সফল না হয় তাহলে আপনি কি আবার টেসলার শেয়ার কিনবেন? এর উত্তরে ইলন মাস্ক জানান, হ্যাঁ। আসলে কিছুদিন আগে, টেসলার ৭.৯২ মিলিয়ন শেয়ার বিক্রি করে দেন ইলন মাস্ক, যার বাজারমূল্য প্রায় ৭ বিলিয়ন ডলার। তিনি বলেন, অবস্থা বুঝে আবার তিনি টেসলার শেয়ার কিনতে পারেন।

প্রসঙ্গত, চলতি বছর শুরুর দিকে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব রাখেন ইলন মাস্ক। যদিও পরে এই চুক্তি থেকে নিজেই পিছিয়ে আসেন এবং জানিয়ে দেন তিনি টুইটার কিনতে ইচ্ছুক নন। আচমকা এই ঘোষণায় দারুণ অস্বস্তিতে পড়ে টুইটার। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে পথে হাঁটার সিদ্ধান্ত নেয় এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)