গোষ্ঠী বীমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর আইডিআরের
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের স্থায়ী কর্মচারীদের গোষ্ঠী বীমা চালু করার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশনের সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণের গোষ্ঠী বীমা সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে।
রবিবার (১৪ আগস্ট, ২০২২) বেলা ১১:০০ ঘটিকায় কর্তৃপক্ষের কার্যালয়ে জীবন বীমা কর্পোরেশনের সাথে এই চুক্তি সম্পাদিত হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (প্রশাসন) ড. নাজনীন কাউসার চৌধুরী (যুগ্ম সচিব) এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষে কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আবু হেনা মো: মোস্তফা কামাল (যুগ্ম সচিব) গোষ্ঠী বীমা চুক্তি স্বাক্ষর করেন।
উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে এই গোষ্ঠী বীমা চুক্তি সম্পাদন করা হয়। গোষ্ঠী বীমা পলিসির আওতায় যদি কোন বীমাকৃত সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্ঘটনাজনিত কারণে দুর্ঘটনার তারিখ থেকে ৯০ (নববই) দিনের মধ্যে মৃত্যুবরণ করেন, তাহলে বীমাকারী প্রতিষ্ঠান অর্থাৎ জীবন বীমা কর্পোরেশন মূল বীমা অংকের দ্বিগুণ পরিমাণ অর্থ গ্রাহক অর্থাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীকে প্রদান করবে। এছাড়া, উক্ত গোষ্ঠী বীমায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণের Major Diseases Benefits-এর আওতায় ৮ (আট)টি রোগ (যেমন: Heart attack, Coronary Artery Surgery, Kidney failure, Paralysis, Stroke, Cancer, Multiple Sclerosis, Major Organ Transtplant) অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ৮টি রোগের চিকিৎসার প্রকৃত খরচ বীমাকারী প্রতিষ্ঠান প্রদান করবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী-র সভাপতিত্বে গোষ্ঠী বীমা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালক এবং পরিচালকগণসহ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এ অনু্ষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//



