উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় একই পরিবারের পাঁচজন নিহত
নিজস্ব প্রতিবেদক: বিমানবন্দর-গাজীপুর মহাসড়কে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ভেঙে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উত্তরার তিন নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত দুইজন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আরো একজনের পরিচয় নিশ্চিত হতে পারে পুলিশ। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা তিন নম্বর সেক্টর এলাকায় ক্রেনের মাধ্যমে বিআরটি প্রকল্পের গার্ডার বসানোর কাজ চলছিল। সোমবার বিকালে ক্রেনসহ একটি গার্ডার ভেঙে গেলে হতাহতের ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মাসুদা আক্তার বলেন, বিআরটি প্রকল্পের গার্ডার ছিঁড়ে এক প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ওই গাড়িতে থাকা পাঁচজনই মারা যান। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে টঙ্গি হাসপাতালে নেয়া হচ্ছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৪ মার্চ বিমানবন্দর ঠিক বিপরীত পাশে একই প্রকল্পের গার্ডার তোলার সময় একটি ক্রেন ভেঙে পড়লে ছয়জন শ্রমিক আহত হন। একই দিন আব্দুল্লাহপুর পলওয়েল কনভেনশন সেন্টারের সামনে একটি গার্ডারের ঢালাই ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ সে সময় হতাহত হয়নি।
বিনিয়োগবার্তা/এসএএম//



